ধর্ষণ-হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়, নৈতিক অবক্ষয়ের প্রতিফলন: মির্জা ফখরুল
মানব কথা:সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিনের নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের পতনের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ‘আমরা অঙ্গীকারবদ্ধ, এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব এবং একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব, যেখানে শিশুরা ভয়ের বাইরে বেড়ে উঠতে পারবে।’ তিনি আরও বলেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন প্রয়োজন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম এবং সমাজের সব স্তরের মানুষকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।
শিশুদের মানবিকতা, সম্মান, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানেই দেশের ভবিষ্যৎকে নিরাপদ করা। সবাইকে একসঙ্গে এ পরিবর্তনের সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব।










