নওগাঁয় মাঠে কাজ করার সময় বজ্রপাতে ২ কৃষকের মর্মান্তিক মৃত্যু
মানব কথা: নওগাঁর রাণীনগরে ফসলি মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক (২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আক্কাস ফকির পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে এবং তারেক একই গ্রামের আমিনুরের ছেলে। এই দুই কৃষকের আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আক্কাস ফকির ও তারেক প্রতিদিনের মতো গ্রামের পাশে জাঠাইল মাঠে কৃষিকাজ করতে গিয়েছিলেন। সকাল ১১টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালবৈশাখী ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় তারা মাঠ থেকে নিরাপদ আশ্রয়ে ফেরার চেষ্টা করার আগেই তীব্র বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। পরে পাশের জমির অন্য কৃষকেরা তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। যেহেতু এটি একটি প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
















