নিরাপদ ঈদযাত্রায় ১৪ নির্দেশনা দিল ডিএমপি

সময়: 7:47 am - May 24, 2026 |

মানব কথা: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাস টার্মিনালকেন্দ্রিক পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বাস চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, যাত্রী হয়রানি রোধ এবং সড়ক দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, বাস নির্ধারিত সময়সূচি অনুযায়ী টার্মিনাল থেকে ছাড়তে হবে এবং কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। একই সিট একাধিক যাত্রীর কাছে বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বাসের ছাদে যাত্রী বহন, পণ্যবাহী বা পশুবাহী গাড়িতে যাত্রী পরিবহন থেকেও বিরত থাকতে বলা হয়েছে। চালকদের জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানো যাবে না এবং ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় ওভারটেক করা থেকে বিরত থাকতে হবে। একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না বলেও জানানো হয়। এছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র ছাড়া গাড়ি চালানো, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, মোবাইল ফোন ব্যবহার বা উচ্চস্বরে গান বাজানোও নিষিদ্ধ করা হয়েছে। যাত্রীদের উদ্দেশ্যে ডিএমপি বলেছে, নির্দিষ্ট কাউন্টার বা টার্মিনাল থেকেই বাসে উঠতে হবে এবং যাত্রার নির্ধারিত সময়ের আগেই টার্মিনালে পৌঁছাতে হবে। যাত্রাপথে অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মালামাল নিজের দায়িত্বে রাখার পাশাপাশি চলন্ত গাড়িতে ওঠানামা না করার আহ্বান জানানো হয়েছে। পথচারীদের জন্যও জারি করা হয়েছে আলাদা নির্দেশনা। রাস্তা পারাপারের সময় ফুটওভার ব্রিজ, আন্ডারপাস বা জেব্রা ক্রসিং ব্যবহার করতে বলা হয়েছে। একইসঙ্গে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পারাপার না করার পরামর্শ দেওয়া হয়েছে। ডিএমপি জানিয়েছে, ঈদযাত্রায় কোনো ধরনের জরুরি পরিস্থিতি দেখা দিলে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করা যাবে। ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতাও কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর