ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে ভোগান্তি, নির্ধারিত সময়ে ছাড়েনি কয়েকটি ট্রেন
মানব কথা:ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়ার মধ্যেই ট্রেনের শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঈদযাত্রার তৃতীয় দিনে নীলসাগর ও রংপুর এক্সপ্রেসসহ অন্তত পাঁচটি ট্রেন নির্ধারিত সময়ের বাইরে চলাচল করেছে। সোমবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন-এর প্রতিটি প্ল্যাটফর্মে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেক যাত্রী। রেলওয়ে সূত্র জানায়, সকাল থেকে বিভিন্ন গন্তব্যে প্রায় ১৫টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে বেশিরভাগ ট্রেন সময়মতো ছাড়লেও কয়েকটি ট্রেন বিলম্বে স্টেশন ত্যাগ করে। আবার কিছু ট্রেন নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও প্ল্যাটফর্ম ছাড়তে পারেনি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি মূলত ‘অপারেশনাল ডিলে’। এছাড়া বিভিন্ন এলাকায় রেললাইনের ওপর স্থানীয়দের ধানের খড় শুকানোর কারণে ট্রেনের গতি কমিয়ে চালাতে হয়েছে, যা বিলম্বের অন্যতম কারণ।তবে যাত্রীরা বলছেন, ঈদযাত্রার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন শিডিউল বিপর্যয় তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের নিয়ে দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে গিয়ে অনেকে চরম বিড়ম্বনায় পড়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি ও সমন্বয়ের মাধ্যমে ট্রেন চলাচল সচল রাখার চেষ্টা চলছে।









