মেট্রোরেল-ট্রেনে প্রবীণদের ভাড়া কমলো ২৫ শতাংশ

সময়: 7:43 am - May 25, 2026 |

মানব কথা:প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় কার্যকর করেছে সরকার। সোমবার (২৫ মে) থেকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে এ সুবিধা চালু হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুবিধা পেতে যাত্রীর বয়স কমপক্ষে ৬৫ বছর হতে হবে। অনলাইনে টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। ভাড়ার মূল অংশের ওপর ২৫ শতাংশ ছাড় প্রযোজ্য হলেও সার্ভিস চার্জ, ভ্যাট ও অন্যান্য ফি আগের নিয়মেই পরিশোধ করতে হবে। রেলওয়ে জানিয়েছে, অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যম থেকেই এ সুবিধা পাওয়া যাবে। তবে অনলাইনে ছাড় পেতে যাত্রীকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং প্ল্যাটফর্ম ‘রেলসেবা’ অ্যাপে নিবন্ধিত থাকতে হবে।একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুইবার এই ছাড় সুবিধা নিতে পারবেন। কোনো টিকিট ফেরত দিলে সেটি সাপ্তাহিক সীমার বাইরে গণ্য হবে এবং ওই সপ্তাহেই পুনরায় ছাড়ে টিকিট নেওয়ার সুযোগ থাকবে। সহযাত্রী নিয়ে ভ্রমণের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে। প্রবীণ যাত্রীর সঙ্গে থাকা অন্য যাত্রীকে নিয়মিত ভাড়া পরিশোধ করতে হবে। তবে সহযাত্রীও প্রবীণ হলে প্রতি বুকিংয়ে একজন অতিরিক্ত প্রবীণ একই ছাড় সুবিধা পাবেন। সেক্ষেত্রে তাকে আলাদা নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে যাচাই সম্পন্ন করতে হবে।অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ব্যক্তিরাও এই সুবিধার আওতায় থাকবেন। আন্তঃনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে বিদ্যমান ৫০ শতাংশ ভাড়া ছাড় বহাল থাকবে। পাশাপাশি সব এসি শ্রেণিতে নতুন করে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে প্রতিবন্ধী যাত্রীদের জন্য আপাতত শুধু স্টেশন কাউন্টার থেকে টিকিট ইস্যুর ক্ষেত্রে এ সুবিধা মিলবে। ভবিষ্যতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অনলাইন সুবিধাও চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এদিকে, কমিউটার ট্রেনে শিক্ষার্থীদের জন্য ইউনিফায়েড পরিচয়পত্র চালুর পর ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, রেল পরিবহনকে আরও জনবান্ধব, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া মেট্রোরেলের লাইন-৬-এ ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন। এ সুবিধা নিতে প্রয়োজনীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর