এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা, ৮ জুনের মধ্যে তথ্য চাইল শিক্ষা বোর্ড
মানব কথা:চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (১ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ক্যামেরার DVR/NVR-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে। একই সঙ্গে সিসিটিভি সংক্রান্ত তথ্য এবং প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিস্তারিত তথ্য বোর্ডে পাঠাতে হবে। নির্দেশনা অনুযায়ী, আগামী ৮ জুনের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় সিসিটিভি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড এবং ডিভাইসের সিরিয়াল নম্বর পাঠাতে হবে। এছাড়া ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী ও ট্যাগ কর্মকর্তাদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরও শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, পরীক্ষার নিরাপত্তা জোরদার এবং প্রশ্নপত্র ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।









