বিদ্যুৎ সাশ্রয়ে ফের সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধের নির্দেশনা

সময়: 4:22 pm - June 1, 2026 |

মানব কথা :দেশের সব দোকানপাট, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানকে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করার সরকারি নির্দেশনা কার্যকর হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঈদুল আজহার ছুটি শেষে পূর্বের সময়সূচি পুনর্বহাল করেছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টার পরিবর্তে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এর আগে ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ঈদ-পরবর্তী সময় শেষ হওয়ায় সেই বিশেষ সুবিধা বাতিল করে আগের নিয়ম পুনরায় কার্যকর করা হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব ধরনের বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। একই সময়সীমা দেশের বিভিন্ন এলাকায় আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রযোজ্য হবে। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর