সরকার আন্তরিক হলে ৯ নভেম্বরই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন সম্ভব: গোলাম পরওয়ার

সময়: 11:11 am - October 30, 2026 |

মানব কথা ডেস্ক:

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার রাজনৈতিক সংকট আরও গভীর করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, একই দিনে অনুষ্ঠিত দুটি নির্বাচনের একটির ভিত্তিতে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচিত হলেও অন্যটির ফলাফল অস্বীকার করা হচ্ছে। এটি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে তৃতীয় দফার লংমার্চের প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গোলাম পরওয়ার বলেন, সরকার আন্তরিক হলে আগামী ৯ নভেম্বর অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে পারে। এ ক্ষেত্রে বিরোধী দল প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি বলেন, জনগণের সাত দফা দাবি আদায় এবং সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে এ লংমার্চের আয়োজন করা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এ কর্মসূচির প্রধান দাবি। জুলাই আন্দোলনে হতাহতের ঘটনা উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ওই আন্দোলনে সহস্রাধিক মানুষ নিহত এবং প্রায় ৪০ হাজার মানুষ আহত হয়েছেন। আহতদের অনেকে এখনো দেশে-বিদেশে চিকিৎসাধীন। আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, বিশেষ করে যারা এখনো গ্রেপ্তার হয়নি, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। গোলাম পরওয়ার বলেন, হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও রাজনৈতিক সংঘাত বাড়ছে। এমনকি সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসনের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণ, দুর্নীতি, টেন্ডারবাজি, অবৈধ নিয়োগ, ডিলারশিপ বাণিজ্য ও দখলদারিত্ব বন্ধ করতে হবে।

শনিবার ৪১০ কিলোমিটারের লংমার্চ:

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার জানান, আগামীকাল শনিবার সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সকাল ৮টায় প্রায় ৬০০ গাড়ি নিয়ে মূল বহর যাত্রা শুরু করবে। পথে বিভিন্ন এলাকা থেকে গাড়ি যুক্ত হয়ে বহরটি প্রায় দেড় হাজারে পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এ কর্মসূচিতে ১৯ জেলার নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেবেন। কর্মসূচির সূচি অনুযায়ী, সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায়, সকাল ১১টায় বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালী মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় খুলনা মহানগরীর বাবরী চত্বরে এবং দুপুর ২টায় ফুলতলার স্বাধীনতা চত্বরে পথসভা হবে। বিকেল সাড়ে ৩টায় যশোরের মুড়লীর মোড়ে এবং বিকেল ৫টায় ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভার মধ্য দিয়ে লংমার্চ শেষ হওয়ার কথা রয়েছে। লংমার্চে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি কমাতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে কর্মসূচি পরিচালনার চেষ্টা করা হবে বলে জানান গোলাম পরওয়ার। এ সময় অংশগ্রহণকারী নেতাকর্মীদের ধৈর্য, সংযম ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, মোহাম্মদ সেলিম উদ্দিন, জাহিদুর রহমান ও আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর