বন্ধ কলকারখানা চালুতে প্রধানমন্ত্রীর নির্দেশনা, উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

সময়: 9:18 am - June 4, 2026 |

মানব কথা:দেশের বন্ধ হয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু এবং সেগুলোর কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বন্ধ কলকারখানার বর্তমান অবস্থা, পুনরায় চালুর সম্ভাবনা, অর্থনৈতিক কার্যকারিতা, কারিগরি সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্র জানায়, বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উৎপাদনে ফিরিয়ে এনে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পখাতকে গতিশীল করা এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার বিভিন্ন দিক সভায় গুরুত্ব পায়। এ সময় শিল্প মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন কলকারখানার বর্তমান অবস্থা এবং সম্ভাব্য করণীয় বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সভায় শিল্পখাতের অচল সম্পদকে পুনরায় উৎপাদনমুখী করার পাশাপাশি দক্ষ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর