সুন্দরবনে কার্গো জাহাজে বনদস্যুদের গুলি ও লুটপাট, আতঙ্ক

সময়: 8:58 am - June 8, 2026 |

মানব কথা: সুন্দরবনে এমভি আব্দুল হাকিম-১ নামের একটি কার্গো জাহাজে হামলা, লুটপাট ও গুলি চালিয়েছে বনদস্যুরা। পাশাপাশি আরও চারটি জাহাজে ডাকাতির চেষ্টা করেছে তারা। শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুন্দরবনের শিঙ্গের নালা খাল এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ভারত-বাংলাদেশ নৌ প্রোটোকলের অধীনে ঢাকা থেকে মোংলা বন্দর হয়ে সুন্দরবনের শাকবাড়িয়া, বজবজা, আড়ুয়া শিবসা, শিবসা নদী দিয়ে ভারতে যায় এমভি খারেহেরা, এমভি বয়রাতলা, এমভি আ. হাকিম, এমভি আরিয়ান ছালাম ও এমভি আব্দুল হাকিম-১।এমভি আব্দুল হাকিম-১ জাহাজের ইনচার্জ মাস্টার মো. নুর নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শনিবার দুপুর ২টার দিকে জাহাজ নিয়ে কয়রার আংটিহারা কাস্টমসের উদ্দেশ্য রওয়ানা হই। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুন্দরবনের শিঙ্গের নালা খাল এলাকায় পৌঁছালে বনদস্যুরা বোর্ট নিয়ে জাহাজের গায়ে ভিড়িয়ে উপরে উঠে জাহাজের নাবিকদের মারধর করে নগদ টাকা মোবাইল ও মালামাল লুট করে নিয়ে যায়। পরে মাস্টার ব্রিজে প্রবেশের জন্য ১৫ থেকে ২০ রাউন্ডের বেশি গুলি ছোড়ে। মালামাল লুটপাটের পর আবার দস্যুরা বনের গহিনে চলে যায়। রাতের আঁধারে তাদের কাউকে শনাক্ত করা সম্ভাব হয়নি।

তিনি আরও বলেন, ঘটনার পর আমাদের একজন স্টাফ তানভীর শেখ ভয় পেয়ে জাহাজ ছেড়ে চলে গেছে। তবে ভারতীয় পারমিটের মেয়াদ সীমিত। বেশি দেরি করলে নতুন করে অনুমতি নিতে সময় লাগতে পারে। তাই আজ ভোর ৫টায় আমরা আবার যাত্রা শুরু করেছি। আশা করছি, তিন দিনের মধ্যে কলকাতা বন্দরে পৌঁছাতে পারব। আংটিহারা নৌ পুলিশের ইনচার্জ মো. ফারুখ হোসেন বলেন, এ বিষয়ে কার্গো জাহাজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানায় কোনো মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেনি। তবে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর