হামের এন্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে: স্বাস্থ্যমন্ত্রী
মানব কথা:হামের বিরুদ্ধে টিকাগ্রহণকারীদের শরীরে কার্যকর এন্টিবডি তৈরি হতে আগামী ২০ জুন পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একইসঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি জানান, পর্যাপ্ত স্যালাইন মজুতের পাশাপাশি প্রয়োজন হলে আরও সরবরাহ নিশ্চিত করা হবেসোমবার (৮ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় ভেন্টিলেটর, চিকিৎসা সরঞ্জাম, ভ্যাকসিন এমনকি পর্যাপ্ত সিরিঞ্জও রেখে যাওয়া হয়নি। ফলে হামের মতো জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সরকারকে বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতা নিয়ে কাজ করতে হয়েছে। মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশের ওষুধ বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে। ভবিষ্যতে এই বাজার আরও সম্প্রসারণে সরকার কাজ করছে।ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন মৌসুমকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) সরকারের কাছে অনুদান হিসেবে ১ লাখ আইভি স্যালাইন দিয়েছে। এছাড়া কেন্দ্রীয় গুদামে আরও ১ লাখ স্যালাইন মজুত রয়েছে এবং বিভিন্ন উপজেলা পর্যায়ে ২০ থেকে ২৫ হাজার স্যালাইন সংরক্ষিত আছে। তবে রোগী বাড়লে অতিরিক্ত স্যালাইনের প্রয়োজন হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেওয়া কারণ দর্শানোর নোটিশের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য আরও দুই দিন সময় দেওয়া হয়েছে। তিনি জানান, নির্ধারিত সময় না দিলে হাসপাতাল কর্তৃপক্ষ আদালতের আশ্রয় নিতে পারে। তাই আগামী ৯ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এরপর তাদের জবাব পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়।








