আদ্-দ্বীনের ঘটনায় জনস্বার্থে কঠোর সিদ্ধান্তে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী
মানব কথা:রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে প্রয়োজনীয় যে কোনো সিদ্ধান্ত নিতে সরকার পিছপা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৮ জুন) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) পক্ষ থেকে ১ লাখ ইন্ট্রাভেনাস (আইভি) স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনের আলোকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই দিন সময় নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তিনি জানান, এ ঘটনায় সরকার নিজস্ব আইনজীবীর মাধ্যমে তদন্ত প্রতিবেদন ও আইনি বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে। হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি হাসপাতালের নিজস্ব সিদ্ধান্ত। তবে ক্ষতিপূরণ প্রদান করা হলেও হাসপাতালের বিরুদ্ধে সরকারের আইনগত বা প্রশাসনিক সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না।ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার সম্ভাব্য ডেঙ্গু মৌসুম মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে পর্যাপ্ত স্যালাইন মজুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা হচ্ছে।
হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এখন সরকার ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে হাম নিয়ন্ত্রণ ও নির্মূলে কাজ করছে।তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশের ওষুধ বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে এ খাতের পরিধি আরও বাড়াতে সরকার বেসরকারি ওষুধ শিল্পকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে যাবে।








