এইচএসসির প্রবেশপত্র বিতরণের সূচি প্রকাশ, কোন জেলায় কবে মিলবে জানাল শিক্ষা বোর্ড
মানব কথা:২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১৫ ও ১৬ জুন জেলার ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে প্রবেশপত্র হস্তান্তর করা হবে। একই সঙ্গে প্রবেশপত্র গ্রহণ, বিতরণ এবং ত্রুটি সংশোধন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বোর্ড।
সোমবার (৮ জুন) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার লিখিতভাবে অনুমোদিত কোনো শিক্ষক অফিস চলাকালীন সময়ে প্রবেশপত্র গ্রহণ করবেন। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব দেওয়া যাবে না।
এছাড়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষ হলে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। প্রবেশপত্র সংগ্রহের পর দ্রুত তা কেন্দ্রাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ড জানিয়েছে, প্রবেশপত্রে কোনো ভুল বা অসঙ্গতি পাওয়া গেলে ১৮ থেকে ২৫ জুনের মধ্যে নির্ধারিত ফরমে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক)-এর কাছে সংশোধনের আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে পরবর্তী জটিলতার দায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকেই বহন করতে হবে।
যেসব জেলায় ১৫ জুন প্রবেশপত্র বিতরণ হবে
টাঙ্গাইল,নরসিংদী,ফরিদপুর,রাজবাড়ী,শরীয়তপুর,মাদারীপুর,গোপালগঞ্জ,কিশোরগঞ্জ,মানিকগঞ্জ
যেসব জেলায় ১৬ জুন প্রবেশপত্র বিতরণ হবে
ঢাকা মহানগর,ঢাকা জেলা,গাজীপুর,মুন্সিগঞ্জ,নারায়ণগঞ্জ
পরীক্ষার্থীদের প্রবেশপত্র হাতে পাওয়ার পর নাম, রোল নম্বর, বিষয়, ছবি ও অন্যান্য তথ্য ভালোভাবে যাচাই করার জন্যও শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।








