৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্পে একনেকের অনুমোদন

সময়: 10:09 am - June 9, 2026 |

মানব কথা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা। মঙ্গলবার (৯ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৫টি নতুন প্রকল্প, ৩টি সংশোধিত প্রকল্প এবং ২টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প।

অনুমোদিত প্রকল্পসমূহ:

  • বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়)
  • সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প
  • ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ
  • আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন
  • বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন
  • বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২
  • ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়, প্রথম সংশোধন)
  • মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (মেমিস) সাপোর্ট প্রকল্প (তৃতীয় সংশোধন)
  • দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (তৃতীয় সংশোধন)
  • বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতা বৃদ্ধি (প্রথম সংশোধন)

এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রী ৫০ কোটি টাকার কম ব্যয়ের ছয়টি প্রকল্পের বিষয়ে একনেককে অবহিত করেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, ডাকসেবা সম্প্রসারণ, এমইএস ট্রেনিং সেলের অবকাঠামো উন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ কর্মসূচি এবং খুলনায় পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্প।

Share Now

এই বিভাগের আরও খবর