পদবঞ্চিত যুবদল নেতাদের কর্মসূচি ঘোষণা
মানব কথা: যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিত নেতাদের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর রমনা চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় নেতারা বলেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন। পাশাপাশি যুবদলের নতুন কমিটিতে থাকা বিভিন্ন অসংগতি সম্পর্কে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করতে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সভায় বক্তব্য দেন সদ্য সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি হুমায়ূন কবির, জাকির খান, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান ও মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ ও কাজী মেজবাহুল আলম মেজবা, গ্রাম বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আমান উল্লাহ বিপুল, সহ-পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক শাহীন আকন্দ, সহ-আইন সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক ও খালেদ মাহমুদ মাসুদসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা। এছাড়া সভায় সাবেক ছাত্রনেতা ও সংগঠনের আরও বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী নেতারা জানান, তারা দলের শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তাদের দাবি ও মতামত দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে তুলে ধরবেন।









