বিশ্বকাপে ২০ বছরের দ্রুততম প্রথম গোল, ইতিহাস গড়লেন মেক্সিকোর কিনোনেস

সময়: 8:01 pm - June 11, 2026 |

মানব কথা: ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম গোলটি এসেছে মেক্সিকোর ফরোয়ার্ড হুলিয়ান কিনোনেসের পা থেকে। বিশ্বকাপ অভিষেক ম্যাচেই গোল করে আলোচনায় উঠে এসেছেন ২৯ বছর বয়সী এই তারকা, পাশাপাশি গড়েছেন অনন্য এক রেকর্ড। বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের নবম মিনিটে জালের দেখা পান কিনোনেস।দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ডি-বক্সের বাইরে থেকে বল কাড়েন তিনি। এরপর দ্রুত বক্সে ঢুকে নেওয়া তার শট গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলে জড়িয়ে যায় জালে।এই গোলের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন মেক্সিকান ফরোয়ার্ড। একই সঙ্গে ২০২৪ সালের জুনের পর জাতীয় দলের জার্সিতে এটিই তার প্রথম গোল।আরও একটি বিশেষ কীর্তিও গড়েছেন কিনোনেস। ২০০৬ বিশ্বকাপে কোস্টা রিকার বিপক্ষে জার্মানির ফিলিপ লাম ষষ্ঠ মিনিটে গোল করার পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এটিই সবচেয়ে দ্রুত প্রথম গোল। বিশ্বকাপের মঞ্চে অভিষেকেই গোল করে মেক্সিকোর সমর্থকদের উচ্ছ্বসিত করেছেন কিনোনেস। তার এই গোলেই স্বাগতিকদের বিশ্বকাপ যাত্রার সূচনা হয় দারুণভাবে।

Share Now

এই বিভাগের আরও খবর