‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

সময়: 7:02 am - June 14, 2026 |

মানব কথা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে অন্য কোনো দেশের আদলে গড়ে তোলার লক্ষ্য নয়, বরং দেশের বাস্তবতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি ‘বেটার বাংলাদেশ’ গড়ে তুলতে চায় সরকার। শনিবার রাতে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আমরা প্রায়ই শুনতাম, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো, কানাডা বানাবো। আমি বাংলাদেশকে অন্য কিছু বানাতে চাই না। আমি বাংলাদেশকে আরও ভালো, অর্থাৎ একটি ‘বেটার বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে চাই।”তিনি বলেন, এই লক্ষ্য অর্জন শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য রাষ্ট্র, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কক্সবাজারকে দেশের অন্যতম পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল শহর হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর হিসেবে কক্সবাজারের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও উন্নত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ, যানবাহনের শৃঙ্খলা, নিরাপদ চলাচল ও পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারলে কক্সবাজার বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন নগরীতে পরিণত হবে।”

বিগত ১৭ বছরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনেক উন্নয়নকাজ হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে আমাদের সামনে অনেক কাজ জমে আছে। মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের সার্বিক অগ্রগতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা এবং সেখানে একটি মেরিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন।অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিভিন্ন প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করেন। পরে রাত সোয়া ১২টার দিকে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হন।

Share Now

এই বিভাগের আরও খবর