হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সময়: 5:52 pm - June 14, 2026 |

মানব কথা: দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগের একজন করে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৬০ শিশু। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে।এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৫১ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৩২৩ জনের শরীরে।এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৬ হাজার ৮৪১ জন।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম নিয়ন্ত্রণে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা, টিকাদান কার্যক্রম জোরদার এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর