২৭ জুন চালু হচ্ছে বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট: বিমানমন্ত্রী

সময়: 9:18 am - June 15, 2026 |

মানব কথা: বন্ধ থাকা আন্তর্জাতিক রুটগুলো পর্যায়ক্রমে পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী ২৭ জুন বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। সোমবার (১৫ জুন) দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, আগামী ২০ জুন থেকে জাপানগামী ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হবে। ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন খাতে নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, সরকার পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাওয়া সব আন্তর্জাতিক রুটে বিমান চলাচল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে, যাতে যাত্রীসেবা আরও সহজ ও বিস্তৃত করা যায়।উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে। সে সময় হজ ফ্লাইট পরিচালনার অতিরিক্ত চাপ, উড়োজাহাজের সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে এ সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।দীর্ঘ বিরতির পর আবারও এ রুট চালু হওয়ায় জাপানপ্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী এবং পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর