দেশীয় ফলের বিলুপ্ত প্রজাতি ফিরিয়ে আনার উদ্যোগ: কৃষিমন্ত্রী
কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশীয় ফলের বিলুপ্ত প্রজাতিগুলো পুনরুদ্ধার ও উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার মাধ্যমে পুনরায় চাষাবাদে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।এর আগে মন্ত্রী ফল মেলা পরিদর্শন করেন এবং দেশীয় বিভিন্ন ফলের স্টল ঘুরে দেখেন। তিনি উদ্যোক্তা ও কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।কৃষিমন্ত্রী বলেন, প্রতি বছর আয়োজিত জাতীয় ফল মেলার মাধ্যমে দেশে ফল উৎপাদনে ইতিবাচক পরিবর্তন এসেছে। দেশীয় হারিয়ে যাওয়া বা বিলুপ্তপ্রায় ফলের জাত পুনরুদ্ধারে কাজ চলছে বলেও তিনি জানান।তিনি আরও বলেন, বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন ফলের জাতের জিন দেশে এনে চাষাবাদের মাধ্যমে উৎপাদনে বড় অগ্রগতি হয়েছে। এতে আমদানি নির্ভরতা কমে দেশীয় উৎপাদন বাড়ছে।ড্রাগন ফলের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, দেশে উৎপাদিত ড্রাগন ফল বিদেশের তুলনায় বেশি সুস্বাদু ও মানসম্পন্ন। এ ধরনের ফল চাষে কৃষকদের আরও উৎসাহ দেওয়া হচ্ছে।
চলতি অর্থবছরের কৃষি বাজেট প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের তুলনায় কৃষি বাজেট ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি উন্নয়ন ও প্রণোদনা খাতে বরাদ্দ ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই কৃষি বাজেট কমেছে—এ ধরনের তথ্য সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন।









