হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
মানব কথা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুমের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৭ জনে।অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে এখন পর্যন্ত মোট ৬৮০ শিশুর মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১ জন।
এ সময়ে নতুন করে ৯৫৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৯ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯২ হাজার ৭৯০। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ১১ জন।এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৬ হাজার ৮৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৭২ হাজার ৮৪৯ জন বাড়ি ফিরেছে।









