জুলাইয়ের চেতনার প্রতিফলন নেই বাজেটে: সংসদে শাজাহান চৌধুরী

সময়: 10:09 am - June 27, 2026 |

মানব কথা: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘জুলাইয়ের চেতনার প্রতিফলন নয়’ উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেছেন চট্টগ্রাম-১৫ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য শাজাহান চৌধুরী। তার দাবি, এই বাজেট ‘ফ্যাসিস্ট সরকারের লোকদের’ দিয়ে প্রস্তুত করা হয়েছে এবং এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শাজাহান চৌধুরী বলেন, “বিশাল আশা-আকাঙ্ক্ষা নিয়ে এই সংসদ গঠিত হয়েছে। নির্বাচনের আগে ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’—যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই বাজেটে তার প্রতিফলন নেই।” তিনি অভিযোগ করেন, জনপ্রশাসনে দীর্ঘদিন ধরে সুবিধাভোগীরা এখনও বহাল থাকলেও নির্যাতিত ও বঞ্চিত কর্মকর্তাদের ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে। তার ভাষায়, “৩৬ জুলাইয়ের চেতনার মানুষদের দিয়ে বাজেট করা হলে এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার বাজেট হতো।”

অর্থমন্ত্রীর সমালোচনা করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, “অর্থমন্ত্রী ব্যবসায়ী হওয়ায় ব্যবসার জন্য বাজেট দিয়েছেন, সাধারণ মানুষের জন্য নয়।” তিনি আরও বলেন, অতীতে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান বাজেট প্রণয়নের আগে বিরোধী দলের সঙ্গে আলোচনা করতেন, কিন্তু এবার সে ধরনের উদ্যোগ দেখা যায়নি। কৃষি খাতের বরাদ্দ কমানোরও সমালোচনা করেন শাজাহান চৌধুরী। তিনি বলেন, “কৃষকদের অবহেলা করা হয়েছে। আগের তুলনায় কৃষি খাতে বরাদ্দ কমানো হয়েছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই এই খাতে বরাদ্দ বাড়াতে হবে।” জ্বালানি খাতে গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে গ্যাসের চাহিদা বাড়লেও নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারে যথাযথ উদ্যোগ নেই। বিশেষ করে চট্টগ্রামের সম্ভাব্য গ্যাসক্ষেত্রগুলোতে অনুসন্ধান জোরদারের দাবি জানান তিনি।

ব্যাংকিং খাতের দুর্নীতির প্রসঙ্গ টেনে শাজাহান চৌধুরী বলেন, এস আলম গ্রুপের কারণে ইসলামী ব্যাংক ধ্বংস হয়েছে, কিন্তু এখনো দায়ীদের বিচার নিশ্চিত করা যায়নি।সংসদে ধর্মীয় ও রাজনৈতিক বক্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “জামায়াতে ইসলামীকে নিয়ে সংসদে ফতোয়া দেওয়া হচ্ছে। জামায়াতকে জানতে হলে এর শতবর্ষের ইতিহাস জানতে হবে। আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি করি।”এছাড়া চট্টগ্রাম বন্দর আধুনিকায়ন, গ্যাস অনুসন্ধান, কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং অবহেলিত ৯টি মন্ত্রণালয়ের বাজেট বাড়ানোর আহ্বান জানান বিরোধীদলীয় এই সংসদ সদস্য।

Share Now

এই বিভাগের আরও খবর