জুনে দেশে এলো ২৮০ কোটি ডলারের রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ

সময়: 12:23 pm - July 1, 2026 |

মানব কথা:সদ্য সমাপ্ত জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। অর্থাৎ, মাসজুড়ে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৩৫ লাখ ডলার দেশে এসেছে। বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য কম। ২০২৫ সালের জুনে রেমিট্যান্স এসেছিল ২৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার

অর্থবছরে রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি:

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, ২০২৫-২৬ অর্থবছরে (১ জুলাই–৩০ জুন) দেশে মোট ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের তুলনায় যা ১৭ দশমিক ৩০ শতাংশ বেশি

কয়েক মাসের রেমিট্যান্স চিত্র :

২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। এর মধ্যে—

  • মার্চ: ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার (দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ)
  • মে: ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার (দ্বিতীয় সর্বোচ্চ)
  • ডিসেম্বর: ৩২২ কোটি ৬৭ লাখ ডলার
  • জানুয়ারি: ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার
  • এপ্রিল: ৩১২ কোটি ৭৩ লাখ ডলার
  • ফেব্রুয়ারি: ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার

এ ছাড়া নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

আগের অর্থবছরেও ছিল রেকর্ড :

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (৩০.৩২ বিলিয়ন ডলার), যা দেশের ইতিহাসে একক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড ছিল। চলতি অর্থবছরে সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে রেমিট্যান্স প্রবাহ, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর