জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের ৯ দিনের কর্মসূচি
মানব কথা: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা-স্মরণসভা, চিত্র প্রদর্শনী, বিভাগীয় ছাত্র সমাবেশ এবং শহীদদের কবর জিয়ারত ও প্রধানমন্ত্রীর উপহার পৌছে দেওয়া।বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৫ জুলাই টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা; ১৬ জুলাই চট্টগ্রাম-রংপুর বিভাগে ছাত্র সমাবেশ ও এই দুই বিভাগ ব্যতিত সারাদেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা; ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’; ২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণসভা; ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইভ পারফরম্যান্স ‘প্রতীকী জুলাই’ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা; শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল; ২৪ জুলাই ও ২৫ জুলাই সারা দেশে সব শহীদদের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া এবং ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে পহেলা জুলাইয়ে প্রথম প্রহরে গত বুধবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।ছাত্রদলের সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক নাছির জানান, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ এবং আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি করেছে ছাত্রদল। সুসংগঠিতভাবে কর্মসূচি পালন করতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।








