৪-১ গোলের দাপুটে জয়ে শেষ আটে বেলজিয়াম, বিদায় যুক্তরাষ্ট্র
মানব কথা:বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। মঙ্গলবার (৭ জুলাই) সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চার্লস ডি কেটেলারের জোড়া গোলের সঙ্গে হান্স ভানাকেন ও রোমেলু লুকাকুর একটি করে গোলে দুর্দান্ত জয় তুলে নেয় রেড ডেভিলস। যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি করেন মালিক টিলম্যান।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। নবম মিনিটে নিকোলাস রাসকিনের পাস থেকে সহজ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন ডি কেটেলারে।
৩১তম মিনিটে ফ্রি-কিক থেকে মালিক টিলম্যানের শট হান্স ভানাকেনের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। তবে সেই আনন্দ স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ৩৩তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসারের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে আবারও এগিয়ে দেন ডি কেটেলারে।দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৫৭তম মিনিটে গোলরক্ষক ম্যাট ফ্রিসের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে হান্স ভানাকেন ব্যবধান ৩-১ করেন।
শেষদিকে মরিয়া হয়ে আক্রমণে ওঠা স্বাগতিকদের রক্ষণে আরও একবার ভুল ধরা পড়ে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সেই সুযোগ কাজে লাগিয়ে রোমেলু লুকাকু গোল করে ৪-১ ব্যবধানে বেলজিয়ামের বড় জয় নিশ্চিত করেন।এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ স্পেন। অন্যদিকে, নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো স্বাগতিক যুক্তরাষ্ট্রকে।










