হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ
মানব কথা:মঙ্গলবার (৭ জুলাই) হাইওয়ে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন ফারুক আহমেদ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেস হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসনিক দক্ষতা, অপারেশনাল নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়নে ফারুক আহমেদ দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন। গত ৪ জুন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি লাভ করেন। পেশাগত দক্ষতা বাড়াতে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিয়েছেন। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে আধুনিক ও আন্তর্জাতিক মানের পুলিশিং বিষয়ে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন। হাইওয়ে পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের মহাসড়কে নিরাপত্তা, শৃঙ্খলা ও সেবার মান আরও উন্নত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।








