বৃত্তি তালিকায় নেই বাহুবলের কোনো সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী
মানব কথা:প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র ফুটে উঠেছে হবিগঞ্জের বাহুবল উপজেলায়। উপজেলার ১০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করলেও একজন শিক্ষার্থীও বৃত্তি অর্জন করতে পারেনি।রোববার (১২ জুলাই) ফল প্রকাশের পর বিষয়টি নিয়ে অভিভাবক, শিক্ষক ও সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সময়ে উপজেলার কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কোনো শিক্ষার্থী বৃত্তি তালিকায় স্থান না পাওয়ায় উপজেলার প্রাথমিক শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়গুলোতে নিয়মিত ও কার্যকর একাডেমিক তদারকির অভাব রয়েছে। পাশাপাশি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পর্যাপ্ত মনিটরিং ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগের ঘাটতিও রয়েছে বলে তারা মনে করেন।
একাধিক অভিভাবক জানান, শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েও একজনেরও বৃত্তি না পাওয়া অত্যন্ত হতাশাজনক। এটি শুধু একটি ফলাফল নয়, বরং উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থার জন্য একটি সতর্ক সংকেত। শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক মো. সুমন মিয়া বলেন, আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনেক এবং শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে আসেন। কিন্তু শিক্ষার মান যদি সন্তোষজনক না হয়, তাহলে শুধু উপস্থিতি নিশ্চিত করলেই হবে না। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষাগ্রহণ নিশ্চিত করতে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সরকারি বিদ্যালয়গুলো শিক্ষার্থী সংকটে পড়তে পারে।
মির্জাটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, সরকারি বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীও বৃত্তি না পাওয়ার বিষয়টি আমরা মেনে নিতে পারছি না। আমাদের বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন সরকারি বিদ্যালয় থেকে অনেক মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলে ফলাফল নিয়ে আমাদের মধ্যে সংশয় রয়েছে। কোথাও কারিগরি ত্রুটি হয়েছে কি না, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।মানব কথা










