নতুন লঘুচাপের আভাস, রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ চরমে

সময়: 12:15 pm - July 13, 2026 |

মানব কথা: টানা ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকা কার্যত অচল হয়ে পড়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে অব্যাহত বর্ষণে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে যানজট, ধীরগতির যান চলাচল এবং ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হলে ১৮-১৯ জুলাইয়ের পর বৃষ্টিপাত আরও বাড়তে পারে। রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, পুরান ঢাকা, বংশাল, নিউমার্কেট, কাকরাইল, কারওয়ান বাজার, নয়াপল্টন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। অনেক সড়কে যানবাহন বিকল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে, বনানী কবরস্থানসংলগ্ন ঢাকা গেট এলাকা, বনানী-কাকলী এক্সপ্রেসওয়ের র‌্যাম্প, ক্যান্টনমেন্ট গার্লস স্কুলসংলগ্ন ইসিবি চত্বর এবং যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে পানি জমে থাকায় যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। যমুনা ফিউচার পার্ক এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন সংস্কারকাজ চলমান থাকায় সেখানে যানজট আরও তীব্র হয়েছে। এদিকে সোমবার অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে গিয়ে বহু পরীক্ষার্থী জলাবদ্ধতা ও যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েন। অনেককে বৃষ্টির মধ্যে হেঁটে পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা গেছে। জলাবদ্ধতার সুযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় রিকশা, সিএনজি অটোরিকশা ও অন্যান্য পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন যাত্রীরা।

অনেক স্থানে স্বাভাবিক ভাড়ার দুই থেকে তিন গুণ পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি বিবেচনায় নগরবাসীকে প্রয়োজনের তুলনায় বেশি সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। পাশাপাশি সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। সোমবার দুপুরে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, ঢাকা ও দেশের উত্তর-পূর্বাঞ্চলে আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর কয়েকদিন বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও সাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ১৮ থেকে ১৯ জুলাইয়ের পর আবারও বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। তিনি আরও বলেন, স্বল্প সময়ে অস্বাভাবিক পরিমাণ বৃষ্টিপাতের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। তাই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নাগরিকদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর