বেসরকারিভাবে হজের ৩ প্যাকেজ ঘোষণা
মানব কথা:২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্যাকেজের বিস্তারিত তুলে ধরা হয়। হাবের ঘোষিত প্যাকেজ অনুযায়ী, বিশেষ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজের খরচ ৫ লাখ ৯৫ হাজার টাকা এবং সর্বনিম্ন (সাশ্রয়ী) প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। এর আগে মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সরকারি হজ প্যাকেজ-১ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কম। তিনি বলেন, হজযাত্রীদের ব্যয় কমাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও জানান, সৌদি আরব ২০২৭ সালের হজে আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাঁবু ও অন্যান্য সেবাকে সমন্বিত প্যাকেজের আওতায় এনেছে। আগের চারটি সার্ভিস প্যাকেজের পরিবর্তে এবার থাকবে তিনটি সার্ভিস প্যাকেজ। পাশাপাশি হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে, যা হজযাত্রীদের সেবার মান আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।
ধর্মমন্ত্রী বলেন, ২০২৭ সালের হজে প্রবাসী বাংলাদেশিরা যে দেশে অবস্থান করছেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং হজ ভিসার আবেদন করতে পারবেন। এছাড়া অবস্থানরত দেশ থেকে সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ নিশ্চিত করতেও সরকার কাজ করছে।
সরকারি প্যাকেজের সুবিধা:
হজ প্যাকেজ-১-এ মক্কায় হারাম শরিফ থেকে ১ থেকে ১.৪ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২-এ তাঁবু এবং সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী খাবার ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। অন্যদিকে
হজ প্যাকেজ-২-এ মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববি থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবু বরাদ্দ থাকবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের সালাওয়াত বাস সুবিধা দেওয়া হবে।
হজ প্যাকেজ-৩-ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হোটেলের অবস্থান দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে।
ধর্মমন্ত্রী জানান, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব (হজ) ড. আয়াতুল ইসলাম, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমদ মজুমদারসহ মন্ত্রণালয় ও হাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








