ইউপি চেয়ারম্যান পদে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার প্রশ্নে হাইকোর্টের রুল
মানব কথা: ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক (গ্র্যাজুয়েশন) নির্ধারণের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বর্তমান আইনে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না থাকায় সংশ্লিষ্ট বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান। তিনি জানান, রুলের জবাব দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) নির্দেশ দেওয়া হয়েছে। রুলে আদালত জানতে চেয়েছেন, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করায় ওই বিধান কেন সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ঘোষণা করা হবে না।
এছাড়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। উল্লেখ্য, এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান। রিটের শুনানি শেষে আদালত সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।









