লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

সময়: 12:06 pm - July 27, 2026 |

মানব কথা: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বাতিল করা লাইসেন্স পুনর্বহাল করেছে সরকার। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সই করা এক স্মারক চিঠিতে লাইসেন্স বাতিলের আগের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়। তবে লাইসেন্স পুনর্বহালের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে তিনটি শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলো হলো—

১. ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে।

২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।

৩. লাইসেন্সের শর্তাবলি পালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।

লাইসেন্স ফেরার বিষয়টি নিশ্চিত:  আদ্-দীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ফ্যাক্ট: আদ্-দীন মেডিকেল কলেজ হাসপাতাল লাইসেন্স ফিরে পেলো।’ লাইসেন্স বাতিলের পর আইনি প্রক্রিয়ায় হাসপাতালটির প্রতিনিধিত্ব করেন অ্যাডভোকেট শিশির মনির। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এখন সরকারি শর্ত মেনে হাসপাতালটি পুনরায় কার্যক্রম শুরু করতে পারবে।

Share Now

এই বিভাগের আরও খবর