উচ্চ আদালতের জামিন আদেশ দ্রুত পাঠাতে নীতিমালা তৈরির নির্দেশ
মানব কথা: উচ্চ আদালত (হাইকোর্ট ও আপিল বিভাগ) থেকে দেওয়া জামিনের আদেশ দ্রুততম সময়ে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর বিষয়ে নীতিমালা তৈরির উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সাইয়েদ মোহাম্মদ তাজরুল হোসাইনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আগামী সাত দিনের মধ্যে একটি কমিটি গঠন করতে বলেছেন। ওই কমিটি উচ্চ আদালতের জামিন আদেশ দ্রুততম সময়ে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের করণীয় নির্ধারণ করবে। আদালতের নির্দেশনা অনুযায়ী, গঠিত কমিটিকে আগামী ২০ আগস্টের মধ্যে নীতিমালা তৈরির বিষয়ে করণীয় উল্লেখ করে একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে হবে। শুনানিতে ভারতের সুপ্রিম কোর্টের কয়েকটি নজির তুলে ধরা হয়। সেখানে বলা হয়, ভারতে উচ্চ আদালতের জামিন আদেশ দ্রুততম সময়ে অনলাইনে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর ব্যবস্থা চালু রয়েছে। রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন ও অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ। শুনানি শেষে আদালত রুল জারি করেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সাত দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। আইনজীবীরা বলছেন, উচ্চ আদালতের জামিন আদেশ দ্রুত সংশ্লিষ্ট আদালতে পৌঁছালে জামিনপ্রাপ্ত ব্যক্তিদের মুক্তি প্রক্রিয়ায় অযথা বিলম্ব কমবে এবং বিচারপ্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও কার্যকারিতা আসবে।









