ব্রাজিলকে বিদায় বললেন নেইমার, জাতীয় দল থেকে অবসরের ঘোষণা
স্পোর্টস ডেস্ক: ব্রাজিল জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক অভিযানের পর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। একই সঙ্গে সান্তোসের ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে তার আচরণ নিয়ে প্রকাশিত সংবাদকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ও ‘বিরক্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
৩৪ বছর বয়সী নেইমার বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, তিনি সান্তোসের তরুণ খেলোয়াড়দের ওপর প্রভাব খাটান এবং তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এসব অভিযোগকে তিনি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।তার ভাষায়, ‘এটা খুবই দুঃখজনক এবং বিরক্তিকর। এসব গল্পের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিছু অসৎ প্রতিবেদন দলের মধ্যে বিভেদ তৈরির জন্য মনগড়া গল্প ছড়িয়েছে।’
তিনি জানান, ম্যাচ শেষে তিনি শুধু বলেছেন, দলকে আরও ভালো খেলতে হবে এবং ঢিলেঢালা মানসিকতা নিয়ে মাঠে নামলে চলবে না। অধিনায়ক হিসেবে এমন কথা বলার অধিকার তার রয়েছে বলেও উল্লেখ করেন নেইমার।২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে ব্রাজিল বিদায় নেওয়ার পরই জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নেন নেইমার। যদিও তখন আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে ইঙ্গিত দিয়েছিলেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার।
অবসরের ঘোষণা দিয়ে নেইমার বলেন, ‘আমি ইতিহাস গড়েছি। হলুদ জার্সি গায়ে খেলতে পারা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। দেশের জন্য আমি আমার রক্ত, আমার জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন জাতীয় দলের সঙ্গে আমার পথচলা এখানেই শেষ।’১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হওয়া নেইমার জানান, এখন থেকে তিনি পুরো মনোযোগ দেবেন ক্লাব ফুটবলে। শৈশবের ক্লাব সান্তোসের হয়ে নতুন অধ্যায় শুরু করাই এখন তার লক্ষ্য।নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন নেইমার। তবে সেই গোলও ব্রাজিলকে হার এড়াতে পারেনি। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে মাঠেই কেঁদে ফেলেন তিনি। সেই ম্যাচই হয়ে থাকল ব্রাজিলের জার্সিতে নেইমারের শেষ উপস্থিতি।









