রাজনৈতিক সম্পর্কেও বিএনপির সঙ্গে সুসম্পর্ক চায় চীন: শাহে আলম

সময়: 7:22 am - August 27, 2026 |

মানব কথা: রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় চীন। একই সঙ্গে বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে দেশটি।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।মীর শাহে আলম বলেন, রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও বিএনপির সঙ্গে চীন সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করতে চায় চীন।

পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশে চীনের বিনিয়োগ ধারাবাহিকভাবে বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে চায় চীন।তিনি আরও জানান, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহ ও পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে বিনিয়োগে চীনের আগ্রহ রয়েছে।

চীনের পক্ষ থেকে এসব খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশের জ্বালানি ও নগর ব্যবস্থাপনা খাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর