নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি, আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: 7:29 am - August 31, 2026 |
নিজস্ব প্রতিবেদক:কাজী নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বারঁগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ এবং চাষির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মোল্লা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন।
‘নজরুল বিদ্রোহের পাশাপাশি সাম্য ও মানবতার কবি’
স্বাগত বক্তব্যে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও জীবনদর্শনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা। তিনি শুধু বিদ্রোহের কবি নন; তিনি প্রেম, সাম্য, মানবতা এবং শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের কবি।তাঁর লেখনী অন্যায়, অত্যাচার, সাম্প্রদায়িকতা ও বৈষম্যের বিরুদ্ধে মানুষকে সাহসী হতে অনুপ্রাণিত করেছে। তাঁর কবিতা ও গানে স্বাধীনতার আকাঙ্ক্ষা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবমুক্তির প্রত্যয় ফুটে উঠেছে। বিশেষ করে তাঁর বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ বাংলা সাহিত্যে প্রতিবাদী চেতনার এক নতুন দিগন্ত উন্মোচন করে।
‘নজরুলের লেখা পড়লে বর্তমান প্রেক্ষাপট বোঝা যায়’
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ বলেন, মহান কবি কাজী নজরুল ইসলামকে আল্লাহ অসাধারণ জ্ঞান ও প্রতিভা দান করেছিলেন। তিনি যে বিষয় নিয়ে চিন্তা করতেন, তা অত্যন্ত গভীরভাবে তাঁর লেখনিতে তুলে ধরতে পারতেন।তিনি বলেন, নজরুল তাঁর লেখনির মাধ্যমে তৎকালীন সমাজ ও সময়ের বাস্তবতাকে এমনভাবে তুলে ধরেছেন, যা আজও পাঠকের কাছে সহজে বোধগম্য। তাঁর সাহিত্যকর্মে সমাজের অসঙ্গতি, অন্যায়-অবিচার এবং মানুষের অধিকার ও মর্যাদার বিষয়গুলো অত্যন্ত শক্তিশালীভাবে প্রকাশ পেয়েছে।তিনি নতুন প্রজন্ম ও যুবসমাজকে কাজী নজরুল ইসলামের কবিতা ও সাহিত্যকর্ম বেশি বেশি পড়ার আহ্বান জানান। তাঁর মতে, নজরুলের সাহিত্য পাঠের মাধ্যমে তরুণ প্রজন্ম দেশ, সমাজ, মানবতা ও ন্যায়বোধ সম্পর্কে আরও সচেতন হতে পারবে।আলোচনা সভায় বক্তারা কাজী নজরুল ইসলামের আদর্শ ও সাহিত্যচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকেসৃজনশীল, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়।
Share Now

এই বিভাগের আরও খবর