২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

সময়: 9:57 am - September 10, 2026 |

মানব কথা:চলতি মাসের ২৫ তারিখ থেকে  সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন , আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে আবারও হামের টিকা দেওয়ার ক্যাম্পেইন শুরু হবে। তবে দেশে নতুন করে যেসব শিশু হামে আক্রান্ত হচ্ছে, তাদের বেশির ভাগই এখনো হামের টিকা নেয়নি। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান। এসোসিয়েশন ফর ডিজএবল্ড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব অব আহসান মঞ্জিল ঢাকা আয়োজিত সেমিনারে এডিপির চেয়ারম্যান রওশন আরা জামান সভাপতিত্ব করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার কোনো টিকা রেখে না যাওয়ায় শুরুতে হামের প্রকোপ মোকাবিলায় কিছুটা বেগ পেতে হয়েছে। তবে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এক কোটির বেশি টিকা সংগ্রহ করে ক্যাম্পেইন পরিচালনা করেছে। তিনি বলেন, এখনো যেসব শিশু টিকার আওতায় আসেনি, তাদের জন্য ইউনিসেফ থেকে নতুন টিকা এসেছে। এসব টিকা দিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে পুনরায় বড় পরিসরে ক্যাম্পেইন শুরু করা হবে। ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সাখাওয়াত হোসেন  বলেন, বাসাবাড়িতে ফুলের টবে পানি জমে থাকে এবং সেখানে মশার লার্ভা জন্মায়। এমন পরিস্থিতিতে ডেঙ্গু হওয়াটা খুব স্বাভাবিক। তবে ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ব্যাপক কাজ শুরু হয়েছে। শুধু রাজধানী ঢাকা নয়, সারাদেশে, এমনকি মফস্বল এলাকাতেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে সরকার দেশে আত্মহত্যার প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে বলেও জানান তিনি। এর আগে সকালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত একটি র‌্যালিতে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী।সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর