রাজধানীর দুই স্থানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
শহিদুল ইসলাম:
রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্সের একটি শোরুম ভবন এবং মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর একটি পুরোনো ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্সের একটি শোরুম ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়।ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্যদিকে, বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর একটি পুরোনো ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায়ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মহাখালীর আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
দুটি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানাবেন বলে জানা গেছে।









