দুর্নীতি দমনে দুদককে সততা ও সাহসের সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সময়: 11:57 am - September 10, 2026 |

মানব কথা:

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুরুতর ও বৃহৎ দুর্নীতির ঘটনায় দ্রুত অনুসন্ধান করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।প্রতিনিধিদলে আরও ছিলেন দুদক কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং সচিব মো. সাইদুর রহমান খান।

দুর্নীতি দেশের অন্যতম প্রধান সমস্যা

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি দুর্নীতি দমনে কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহিতার অভাবে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপরই দেশের অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে।তিনি দুদককে সততা ও সাহসের সঙ্গে দুর্নীতি দমনে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ

দীর্ঘদিন ধরে বিচারাধীন বিপুলসংখ্যক মামলা আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি এবং মামলার দীর্ঘসূত্রিতা কমানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।তিনি গুরুতর ও বৃহৎ দুর্নীতির ঘটনাগুলোতে দ্রুত অনুসন্ধান করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।রাষ্ট্রপতি দুর্নীতি দমন কমিশনকে তার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর