দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান

সময়: 8:15 am - September 13, 2026 |

অনলাইন ডেস্ক:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের দেশ এখন ভালো নেই, এটা আমরা সবাই স্বীকার করছি। সরকারও তা স্বীকার করতে বাধ্য। আমরা একটি ভালো দেশ চাই। দেশ গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়, বিরোধী দলেরও রয়েছে। উভয় পক্ষকে মিলেই দেশ গড়তে হবে।’শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশ মহাসংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংকট প্রকট হয়ে উঠেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ‘আমরা ছয়টি জনদাবি নিয়ে দ্বিতীয় দফায় রাস্তায় নেমেছি। প্রথম দফায় বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করেছি। সেটি শেষ হওয়ার পর গত ৫ আগস্ট ঢাকা-চট্টগ্রাম লংমার্চের মধ্য দিয়ে দ্বিতীয় দফার কর্মসূচি শুরু করেছি। আমাদের কোনো দলীয় দাবি নেই, এগুলো জনদাবি।’জামায়াত আমির দাবি করেন, প্রথম দফার কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। কর্মসূচিগুলো নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে পালন করা হয়েছে। কোনো ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ক্ষতি করতে তারা চান না।

তিনি বলেন, ‘আমরা জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। তাহলে জনগণের ক্ষতি করব কেন? বরং জনগণকে সম্পৃক্ত করে দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ হব। সরকার একসময় হয়তো এসব দাবি বিবেচনায় নিতে বাধ্য হবে এবং বিষয়গুলোর সমাধানের পথ বের করবে।’সরকার সহযোগিতা চাইলে বিরোধী দল হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার দেশের ও জাতির প্রয়োজনে আমাদের সহযোগিতা চাইলে আমরা সব সময় প্রস্তুত। সরকার সুযোগ দিলে বিরোধী দল হিসেবে ন্যায্য অবদান রাখার পক্ষে আমরা রয়েছি। সহযোগিতা হবে চোখ খুলে, বিরোধিতা হবে ন্যায্যতার ভিত্তিতে।’

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ, নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, এনসিপির জেলা সভাপতি কামরুজ্জামান শাওন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি কামরুল হাসান, শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর