নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি, তিন ধাপে বাড়বে বেতন
তালুকদার বেলাল:
সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। নতুন বেতন কাঠামো অনুযায়ী মূল বেতন একসঙ্গে কার্যকর না হয়ে মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
ভেটিং শেষে জারি হলো প্রজ্ঞাপন:
নতুন বেতন কাঠামোর খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের পর বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মহিউদ্দীন জানিয়েছিলেন, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভেটিং সম্পন্ন করে প্রজ্ঞাপনটি বিজি প্রেসে পাঠানো হয়েছে। এরপর শনিবার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। নতুন কাঠামোয় গ্রেডভেদে মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বহাল থাকছে ২০টি গ্রেড:
নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। প্রথম থেকে ১১তম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানো হয়েছে। এ গ্রেডে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নবম গ্রেডের মূল বেতন ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা হয়েছে।
তিন ধাপে বাড়বে মূল বেতন:
নতুন পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। তবে বর্ধিত মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন। পরবর্তী ধাপে ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডে বর্ধিত বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো শতভাগ কার্যকর হবে।
ভাতা কার্যকর হবে ২০২৮ সালে:
নতুন বেতন কাঠামোর বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর হবে। পেনশনভোগীদের নিট পেনশনও নতুন কাঠামো অনুযায়ী ধাপে ধাপে বাড়ানো হবে।
সরকারের বাড়তি ব্যয় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা:
নতুন পে স্কেলের আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী সুবিধা পাবেন। বেতন বৃদ্ধির ফলে সরকারের বছরে অতিরিক্ত প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় হবে। এ ব্যয় মেটাতে বাজেটে পৃথক অর্থ সংস্থানের ব্যবস্থা রাখার কথা জানিয়েছে সরকার।









