সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সময়: 8:59 am - September 26, 2026 |

নেছার আহমদ:

বিগত সরকার সময়মতো শিশুদের হাম টিকা দেওয়ার উদ্যোগ না নেওয়ায় বর্তমান সরকারকে এর খেসারত দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি খেলার মাঠে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশি বিভিন্ন সংস্থা বারবার তাগাদা দিলেও বিগত সরকার সময়মতো হাম টিকাদানের উদ্যোগ নেয়নি। এর আগেও দেশে হাম সংক্রমণ হয়েছে, তবে তখন মৃত্যুর সংখ্যা এত বেশি ছিল না। তিনি বলেন, চলতি বছর হাম আক্রান্ত হয়ে আগের বছরের তুলনায় বেশি শিশু মারা গেছে। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন করে ইউনিসেফ ৪০ লাখ ডোজ হাম টিকা সরবরাহ করেছে। শনিবার থেকে সারাদেশে ৩৪ লাখ শিশুকে বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিন ধাপে এখন পর্যন্ত এক কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এদিকে, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। হাম ও ডেঙ্গু মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর