মাগুরায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিদ্যুৎ বিল, জিএম সাময়িক বরখাস্ত
মোঃসাব্বির আহমেদ:
মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল ইস্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রীর জরুরি নির্দেশনার পর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) জিএমের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়। বোর্ডের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসানের সই করা চিঠিতে মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। মন্ত্রণালয় জানায়, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোছা. আলেয়া খাতুনের নামে গত সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল ইস্যু করা হয়। ওই বিলে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা পরিশোধ করতে বলা হয়। অস্বাভাবিক এই বিলের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি বিদ্যুৎ মন্ত্রণালয়ের নজরে আসে।
ঘটনাটি জানার পর বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ নিজে ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ সময় তিনি অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য এবং এর ফলে গ্রাহকের যে সাময়িক মানসিক বিড়ম্বনা ও উদ্বেগ তৈরি হয়েছে, সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন। মন্ত্রী গ্রাহককে আশ্বস্ত করেন, ভুল বিলটি ইতোমধ্যে সংশোধন করা হয়েছে এবং সঠিক বিল গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিদ্যুৎ বিল বা সেবা সংক্রান্ত এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্যও তিনি গ্রাহকদের প্রতি আহ্বান জানান। বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটেও সম্প্রতি গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনার কথা জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মিটার পরিবর্তনের সময় যান্ত্রিক অসাবধানতার কারণে মিটারের সিল নম্বরের অঙ্কগুলো ভুল করে ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং করা হয়। এর ফলেই ২৩৫ ইউনিটের বিপরীতে কয়েকশ কোটি টাকার অস্বাভাবিক বিল তৈরি হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর শুধু জিএম নয়, এর সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, গ্রাহক পর্যায়ে এ ধরনের ভুল ও হয়রানি যাতে আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও সেবাধর্মী প্রশাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর। জনগণের দুর্ভোগ লাঘবে বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিদ্যুৎ সেবা মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই বিল তৈরি, মিটার রিডিং, সংযোগ ও অন্যান্য সেবা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। মাগুরার এ ঘটনায় একজন গ্রাহকের ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বেশি বিল ইস্যুর বিষয়টি সামনে আসার পর দায়িত্বশীলতা ও বিলিং ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘটনাটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ায় বিষয়টি এখন আরও তদন্তের আওতায় রয়েছে।










