হিন্দু-মুসলমানের সম্প্রীতি নষ্টের চেষ্টা রুখে দেওয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সময়: 4:45 pm - October 3, 2026 |

পঞ্চগড় প্রতিনিধি:

দুর্গাপূজাকে কেন্দ্র করে হিন্দু-মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কোনো অপশক্তি সফল হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা হবে চরম বোকামি। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে ধনিরাম সেনের বাড়ি হয়ে হরিদিঘী থেকে কালীবাড়ি পর্যন্ত সড়ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ফরহাদ হোসেন আজাদ বলেন, দুর্গাপূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীরা যাতে স্বতঃস্ফূর্তভাবে, নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। গতকালও তাঁর নির্বাচনী এলাকা বোদা উপজেলায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সভা করেছেন। তিনি বলেন, সপ্তমী থেকে পূজা চলাকালে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহযোগিতায় সহায়তা টিম গঠন করা হয়েছে। এসব টিম পূজামণ্ডপে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে। পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, হিন্দু-মুসলমানের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কোনো অপশক্তি যদি পূজামণ্ডপকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করে, তাহলে তারা সফল হবে না। এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও সতর্ক রয়েছেন। তিনি আরও বলেন, বিগত নির্বাচন থেকে শুরু করে সনাতন ধর্মাবলম্বীরা বিএনপি সরকারের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শুধু দুর্গাপূজা নয়, সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। এ জন্য তিনি সব সম্প্রদায়ের মানুষের সহযোগিতা কামনা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর