পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বাড়ল ৩৭.৬ শতাংশ

সময়: 6:59 am - October 4, 2026 |

জিয়াউল হক টুটুল:

সংস্কার উদ্যোগ ও বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করার বিভিন্ন পদক্ষেপের মধ্যে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে। চলতি বছরের প্রথম আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। একই সময়ে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিদেশি লেনদেনের পরিমাণ গত বছরের পুরো বছরের মোট লেনদেনের প্রায় ৯৪ শতাংশে পৌঁছেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৭০১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৮৯৮ টাকা। ২০২৫ সালের একই সময়ে এ লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৮৭ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৮০৯ টাকা। ফলে এক বছরের ব্যবধানে বিদেশি লেনদেন বেড়েছে ১ হাজার ১৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা বা ৩৭ দশমিক ৬ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারের বিভিন্ন সংস্কার উদ্যোগ এবং বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিচ্ছে। বাংলাদেশকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে এমার্জিং মার্কেটে উন্নীত করার প্রস্তুতি, আন্তর্জাতিক সূচক নির্ধারণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করা এবং লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার উদ্যোগ এর মধ্যে রয়েছে। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বাসসকে বলেন, বিদেশি লেনদেন বাড়ার পেছনে ডিএসইর একক কোনো উদ্যোগ কাজ করছে না। বাজারকে ফ্রন্টিয়ার থেকে এমার্জিং মার্কেটে উন্নীত করার প্রস্তুতি, এমএসসিআইসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, বাংলাদেশ ব্যাংকের নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট (এনআইটিএ) সংক্রান্ত বিধি সহজ করা এবং টি+১ সেটেলমেন্ট ব্যবস্থায় যাওয়ার উদ্যোগ—সব মিলিয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা গেছে।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক জানান, বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের জন্য এনআইটিএ ব্যবস্থার একটি জটিলতা সম্প্রতি সহজ করা হয়েছে। আগে বাংলাদেশে বিনিয়োগের পর প্রতিটি লেনদেনের সময় এনআইটিএ হিসাবের মাধ্যমে অর্থের হিসাব করতে হতো। ডিএসইর পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্টদের কাছে তুলে ধরার পর বাংলাদেশ ব্যাংক নিয়মটি সহজ করেছে। নতুন ব্যবস্থায় প্রতিটি লেনদেনের সময় আলাদাভাবে হিসাব না করে বাংলাদেশ থেকে অর্থ প্রত্যাবাসনের সময় প্রয়োজনীয় হিসাব সম্পন্ন করতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা। এতে বিনিয়োগের প্রক্রিয়া আগের তুলনায় সহজ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে টি+১ সেটেলমেন্ট ব্যবস্থায় যাওয়ার উদ্যোগও বিদেশি বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে জানিয়েছেন নুজহাত আনোয়ার। তিনি বলেন, পুঁজিবাজারে পেশাদার ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। এসব উদ্যোগের সম্মিলিত প্রভাবে বিদেশি লেনদেন বাড়ছে।

ডিএসইর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে বিদেশি লেনদেনে মাসভিত্তিক বেশ ওঠানামা ছিল। জানুয়ারিতে বিদেশি লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ২৩ লাখ ৮৩ হাজার ৪৬৬ টাকা। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ৬৬৩ কোটি ২৭ লাখ ৮০ হাজার ৭৯৫ টাকা। মার্চে লেনদেন কমে ২৭২ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৯৮০ টাকা এবং এপ্রিলে আরও কমে ১৭৫ কোটি ১৫ লাখ ৮৭ হাজার ৪৬০ টাকায় দাঁড়ায়। তবে মে মাসে বিদেশি লেনদেনে বড় উত্থান ঘটে। ওই মাসে লেনদেন হয়েছে ৮৩১ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ৭৭১ টাকা, যা চলতি বছরের প্রথম আট মাসের মধ্যে সর্বোচ্চ। এরপর জুনে বিদেশি লেনদেন হয়েছে ৫৪০ কোটি ১৬ লাখ ৬১ হাজার ৪৭০ টাকা এবং জুলাইয়ে ৫২৩ কোটি ১৪ লাখ ৫২ হাজার ৯৬৬ টাকা। আগস্টে তা কমে ৩১৮ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৯৯১ টাকায় দাঁড়ায়। ২০২৫ সালের প্রথম আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন ছিল ২ হাজার ৬৮৭ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৮০৯ টাকা। ওই বছরের জানুয়ারিতে লেনদেন ছিল ১৮১ কোটি ৮১ লাখ ৫ হাজার ১০৫ টাকা। ফেব্রুয়ারিতে তা বেড়ে ২৬৪ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ২৬২ টাকা হলেও মার্চে কমে ১৭১ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৭৮৭ টাকায় দাঁড়ায়। এপ্রিল ও মে মাসে বিদেশি লেনদেন আবার বাড়ে। এপ্রিলে ৪২৬ কোটি ৯৪ লাখ ১ হাজার ২৯৮ টাকা এবং মে মাসে ৫০৬ কোটি ৭৪ লাখ ১৯ হাজার ১৪২ টাকা লেনদেন হয়। জুনে তা কমে ২৮৫ কোটি ৩০ লাখ ৭৭ হাজার ৬১৯ টাকা হলেও জুলাইয়ে বেড়ে ৪৯১ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার ২১৭ টাকা হয়। আগস্টে বিদেশি লেনদেন দাঁড়ায় ৩৭১ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৫৪৮ টাকা।

২০২৫ সালের পুরো বছরে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন ছিল ৩ হাজার ৯২০ কোটি ৪২ লাখ ২০ হাজার ২১ টাকা। এর বিপরীতে চলতি বছরের প্রথম আট মাসেই বিদেশি লেনদেন হয়েছে ৩ হাজার ৭০১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৮৯৮ টাকা। অর্থাৎ, মাত্র আট মাসে গত বছরের পুরো বছরের মোট বিদেশি লেনদেনের প্রায় ৯৪ শতাংশে পৌঁছে গেছে।ডিএসইর তথ্য বলছে, মাসভিত্তিক ওঠানামা থাকলেও চলতি বছরের প্রথম আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পুঁজিবাজারের সংস্কার, বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ এবং লেনদেন নিষ্পত্তি ব্যবস্থার উন্নয়নের উদ্যোগগুলো বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে কী ধরনের প্রভাব ফেলে, তা সামনে আরও স্পষ্ট হবে।

Share Now

এই বিভাগের আরও খবর