হামে আরও ৭ শিশুর মৃত্যু

সময়: 10:36 am - October 27, 2026 |

মানব কথা ডেস্ক:

দেশে হাম ও হামের উপসর্গে শিশুদের মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত ও উপসর্গ থাকা আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ২৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর সকাল ৮টা থেকে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩২ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে ৫০৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছেন ২৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন। এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা এবং টিকাদান কার্যক্রম জোরদার অব্যাহত রেখেছে। সংক্রমণ প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

Share Now

এই বিভাগের আরও খবর