স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতায় প্রতিমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে আলোচনা, সমন্বয় নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের অসুস্থতা ও হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের খোঁজখবর নেওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনায় এসেছে। তবে এ সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দৃশ্যমান কোনো উপস্থিতি বা আনুষ্ঠানিক বক্তব্য সামনে না আসায় মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সমন্বয়, পারস্পরিক সম্পর্ক ও রাজনৈতিক সৌজন্য নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১৪ নভেম্বর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। পরে তাঁর এনজিওগ্রামে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে ১৫ নভেম্বর হৃদযন্ত্রের দুটি ব্লকে স্টেন্ট (রিং) স্থাপন করা হয় এবং অপর ব্লকে বেলুন ডাইলেশন পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত দেশের চিকিৎসাব্যবস্থার ওপর আস্থা রেখে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর এ সিদ্ধান্ত দেশের চিকিৎসক ও স্বাস্থ্যসেবার প্রতি আস্থার বহিঃপ্রকাশ হিসেবে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার টেলিফোনে যোগাযোগ করেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) ১৫ নভেম্বর কন্টিনেন্টাল হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে একটি প্রতিনিধিদলও ছিল।
এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। বিরোধী রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর খোঁজখবর নেন। তাঁদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন। চিকিৎসক সংগঠন ড্যাবের নেতাকর্মী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, অধিদপ্তরের মহাপরিচালক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংসদ সদস্যরাও হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন।
প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হাসপাতালে উপস্থিতির বিষয়টি আলোচনায় এলেও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দৃশ্যমান উপস্থিতির তথ্য সামনে আসেনি। এ নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, একই মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌজন্য ও সমন্বয় থাকা গুরুত্বপূর্ণ। কোনো মন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তাঁর খোঁজখবর নেওয়া প্রাতিষ্ঠানিক সম্পর্ক ও দায়িত্ববোধের ইতিবাচক প্রকাশ হতে পারে। তবে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে না যাওয়ার কারণ বা এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। ফলে তাঁর অনুপস্থিতির পেছনে কোনো নির্দিষ্ট কারণ বা অভ্যন্তরীণ বিরোধ রয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। সব মিলিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার সময়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সহমর্মিতা ও খোঁজখবর নেওয়ার বিষয়টি যেমন ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে, তেমনি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দৃশ্যমান অনুপস্থিতি মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ও প্রশাসনিক সমন্বয় নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।









