ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী তারেক রহমান
মানব কথা: -আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে পুলিশ বাহিনীকে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনসে পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় শত শত পুলিশ সদস্য শহীদ হন। স্বাধীনতার জন্য আত্মাহুতি দেওয়া সেই পুলিশ সদস্যদের স্মরণ করে তিনি বলেন, যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যেন পুলিশকে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেটি নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। পুলিশের পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন প্রমাণ করেছে যে একটি স্বাধীন ও পেশাদার বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সক্ষম। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশ সদস্যদের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। বিদেশের মাটিতে অর্জিত এই সুনাম দেশের অভ্যন্তরেও বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল প্যারেড ও সালাম গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬–এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের সার্বিক সাফল্যও কামনা করেন তিনি।











