জ্বালানি নিরাপত্তা ও নাগরিক পরিষেবা নিশ্চিতে নরেন্দ্র মোদির বৈঠক
মানব কথা: দিল্লিতে বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৬ সালের প্রথম মন্ত্রিসভা বৈঠকে পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ভারতের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও নাগরিক পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে।
নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীসহ সব প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন।
সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি, নীতিগত সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনার খতিয়ানও পর্যালোচনা করা হবে বৈঠকে। একইসঙ্গে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ, কৃষি, লজিস্টিক, বিমান ও নৌ পরিবহণ খাতে সম্ভাব্য প্রভাব নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।
এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন, দফতরভিত্তিক বরাদ্দ ও প্রশাসনিক সংস্কার নিয়েও আলোচনা হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনাও দিতে পারেন প্রধানমন্ত্রী।
রাজনৈতিকভাবেও বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি পুদুচেরিতে পুনরায় এনডিএ সরকার গঠন এবং পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের বিষয়ও আলোচনায় আসতে পারে।
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়েও জোর জল্পনা চলছে। ফলে বৃহস্পতিবারের বৈঠক ঘিরে ভারতের রাজনৈতিক মহলে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।
সূত্র : এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া














