রামিসা হত্যা মামলার বিচার দ্রুত শুরু হবে: আইনমন্ত্রী
মানব কথা:ডিএনএ রিপোর্ট পেলেই ঈদের আগেই চার্জশিট, দ্রুত বিচার সম্পন্নের আশ্বাস রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার ঈদের পরপরই শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৩ মে) রাজধানীতে জাতীয় লিগ্যাল এইডের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে আলোচিত হয় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার নির্মম ঘটনাটি। আইনমন্ত্রী বলেন, মামলার তদন্তে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) পরীক্ষার রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ডিএনএ রিপোর্ট পাওয়া গেলে ঈদের আগেই মামলার চার্জশিট দাখিল করা সম্ভব হবে। তিনি বলেন, “ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে পরবর্তীতে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। রিপোর্ট হাতে পাওয়ার পরই পুলিশ চার্জশিট দেবে।” মামলাটির বিচার দ্রুত সম্পন্ন করার প্রত্যয় জানিয়ে আইনমন্ত্রী বলেন, ঈদের ছুটি শেষে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হবে এবং সরকার এ মামলার দ্রুত নিষ্পত্তিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টে পেপার বুক প্রস্তুত করতে দীর্ঘ সময় লেগে যায়, ফলে চূড়ান্ত রায় পেতেও বিলম্ব হয়। এ প্রক্রিয়া কীভাবে আরও দ্রুত ও কার্যকর করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে। গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে পুলিশ সোহেল রানাকে গ্রেফতার করে। পরে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন সোহেল রানা।










