নিরাপদ ঈদযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ প্রস্তুতি
মানব কথা:নিরাপদ ঈদযাত্রা ও পশুর হাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মনিটরিং সেল চালু, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা, পশুর হাটে চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধ এবং সড়কে নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। মহাসড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, শপিংমলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে আলাদা নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব, পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে। সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান। তিনি বলেন, “জননিরাপত্তা ও নির্বিঘ্ন ঈদ উদযাপন নিশ্চিত করতে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানান, পুলিশ সদর দফতরে একটি বিশেষ মনিটরিং সেল চালু করা হয়েছে, যা ঈদের আগে সাত দিন এবং ঈদের পর সাত দিন কার্যকর থাকবে। পাশাপাশি বিভিন্ন সংস্থার জরুরি হটলাইনও সক্রিয় রাখা হবে। ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানান তিনি।র্যাব জানিয়েছে, ঈদ সামনে রেখে রাজধানীসহ সারাদেশে চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাইবার মনিটরিং টিমও প্রস্তুত রাখা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো: মোসলেহ উদ্দিন আহমদ জানান, পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলোকসজ্জা, নিরাপত্তা চৌকি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে মাঠপর্যায়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
সূত্র : বাসস










